বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে শুরু হলো ১৪৪৮ হিজরি সন এবং ইসলামি নববর্ষ।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের বিভিন্ন স্থান থেকে মহররম মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানানো হয়। ফলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে।

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস হিসেবে বিবেচিত। নতুন হিজরি বছরের সূচনার মধ্য দিয়ে বিশ্বের মুসলিমরা নতুন ধর্মীয় বছরের যাত্রা শুরু করেন।

মহররম মাসের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আশুরার দিনটি ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক। এ উপলক্ষে মুসলমানরা নফল রোজা, দোয়া ও বিভিন্ন ইবাদতের মাধ্যমে দিনটি পালন করে থাকেন।

ইসলামে আশুরার রোজার বিশেষ গুরুত্ব রয়েছে। হাদিসে এ দিনে রোজা রাখার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।

এর আগে, মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (১৬ জুন) থেকে নতুন হিজরি বছর শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সোমবার চাঁদ দেখার পর এ ঘোষণা দেওয়া হয়।

সে অনুযায়ী দেশটিতে পবিত্র আশুরা পালিত হবে বৃহস্পতিবার (২৫ জুন)। বাংলাদেশে মহররম মাস গণনা শুরু হওয়ায় আগামী শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা পালিত হবে।