দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় সক্রিয় ও গতিশীল করতে একটি সমন্বিত ও বহুমাত্রিক অ্যাকশন প্ল্যান তৈরির পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংসদে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ফরিদা ইয়াসমিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে সংস্থাটির পুনর্জাগরণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে আলোচনায় আনা হচ্ছে। সম্প্রতি সার্ক মহাসচিবের বাংলাদেশ সফরেও সংস্থাটিকে কার্যকর করতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার। ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, সংস্কৃতি, জ্বালানি এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। এর লক্ষ্য হলো জনগণের কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
তিনি আরও উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতৃবৃন্দ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন এবং উচ্চপর্যায়ের সফর ও অংশগ্রহণের মাধ্যমে তা স্পষ্ট হয়েছে।
সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিবিড় কূটনৈতিক সম্পৃক্ততা বজায় রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।


