সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দুর্ঘটনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মরদেহগুলো দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

উল্লেখ্য, রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রাণ হারান। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।