অবকাঠামো, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের পাশাপাশি বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিআইএম) নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও চীন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় এসব বিষয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। আলোচনায় বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দরের উন্নয়ন বিশেষ গুরুত্ব পায়।

এছাড়া রংপুরে প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতে সহযোগিতা এবং নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।

শামা ওবায়েদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল চীন সফরের কথা স্মরণ করে বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে অবকাঠামো, মানব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

অন্যদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে উল্লেখ করে দেশটির প্রতি চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তুলে ধরেন।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

শামা ওবায়েদ এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে উদ্যোগটির জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।