মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক থাকা আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখা থেকে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। এ নিয়ে চলতি বছর বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে আটক ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন বেশ কয়েকজন বাংলাদেশি জেলে। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়। পরে সংগঠনটির নিয়ন্ত্রিত বিভিন্ন স্থানে অথবা কারাগারে আটকে রাখা হয় তাদের।
আটক জেলেদের পরিবারের দুর্ভোগ ও মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় বিজিবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখা থেকে আরাকান আর্মির কাছ থেকে ৪১ জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।
ফেরত আনা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমাদের সম্মানিত মহাপরিচালকের ভিশন—‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই প্রত্যয় ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের মানুষের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে অর্পিত সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাব।”
বিজিবি জানায়, বৃহস্পতিবার ফেরত আনা ৪১ জনসহ ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৩২৩ জন আটক জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


