চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালের দিকে রামদাসপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রামদাসপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ঘটনাস্থলে যায়।

বিজিবি সদস্যরা ওই ছয়জনকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।