দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১২ থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রোববার (০৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় কাঁটাতারের বেড়া অতিক্রম করে ১২ থেকে ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাস্থলে এগিয়ে যান এবং তাদের প্রতিরোধ করেন।
একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধ গড়ে তোলেন। পরিস্থিতি বুঝতে পেরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এদিকে, সম্ভাব্য পুশইন ঠেকাতে বিরামপুর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। একই সঙ্গে অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।


