ভারতের পশ্চিমবঙ্গে নির্মাণাধীন একটি গির্জায় হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ঢাকায় মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গে গির্জা ও খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের সদস্য এবং দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর এলাকার সুভাষগ্রামের বুড়ি বটতলায় একটি নির্মাণাধীন গির্জায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০০ জনের একটি দল গির্জাটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা নির্মাণাধীন স্থাপনার দুটি পিলার ক্ষতিগ্রস্ত করে এবং ছাদে উঠে স্থাপিত তিনটি ক্রুশ ভেঙে ফেলে। এ সময় স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
জানা গেছে, গির্জাটি প্রেসবিটারিয়ান চার্চ অব ইন্ডিয়ার অধিভুক্ত। স্থানীয় প্রায় ৫০টি পরিবারের ১১৬ জন সদস্যের জন্য এটি নির্মাণ করা হচ্ছিল। এর আগে, তারা ভাড়া করা স্থানে ধর্মীয় প্রার্থনা করতেন। নিজেদের কেনা জমিতে চলতি বছরের মার্চে গির্জার নির্মাণকাজ শুরু হয়।


