মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক তিনজনের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন মিয়ানমারের জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (২০ জুলাই) রাতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন এলাকায় পৌঁছান ওই তিন ব্যক্তি। এ সময় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির সদস্যরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন—মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং। বিজিবির দাবি, তারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণাধীন এলাকায় বন্দি ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, গত ১৯ জুলাই রাতে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাউয়ার বিল এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা ১ নম্বর বিজিপি ব্যাটালিয়নের সদর দপ্তরসংলগ্ন আবাসিক ভবন থেকে তারা বেরিয়ে আসেন। পরে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটে নাফ নদীর তীরে পৌঁছান।
তারা জানান, সোমবার বেলা ১১টার দিকে জারিকেনের সহায়তায় প্রায় দুই ঘণ্টা সাঁতরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) তাদের কক্সবাজার আদালতে পাঠানো হবে।
বিজিবি জানায়, আটকের পর তাদের টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে নিয়ে দোভাষীর সহায়তায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।


