কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

নিহতদের মধ্যে রয়েছেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর এক পুরুষ যাত্রীর পরিচয় সন্ধ্যা ৬টা পর্যন্ত শনাক্ত করা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পারিবারিক একটি মামলায় হাজিরা দিতে সকালে দুই বোন উখিয়া থেকে কক্সবাজার আদালতে যান। আদালতের কার্যক্রম শেষে দুপুর দেড়টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে রামুর খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রুবিনা আক্তার ও শাহিনা আক্তারের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।