নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় আটক হওয়া রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী মেয়েকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় আইনগত প্রক্রিয়া শেষে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুই নারী কনস্টেবলের পাহারায় মা-মেয়েকে আশ্রয়শিবিরে পাঠানো হয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সোমবার ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর ইউনিয়নের ভাংতি বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন ২৫ বছর বয়সী এক রোহিঙ্গা নারী ও তাঁর এক বছর বয়সী শিশুকন্যাকে আটক করেন। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিজয়পুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
পরে মা-মেয়েকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি শিশুসন্তানকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজয়পুর ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলম জানান, আটক নারী কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। কয়েক মাস আগে তাঁর স্বামী মারা গেছেন।
পরিচয় যাচাই-বাছাই শেষে মা-মেয়েকে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।


