মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তর মংডো টাউনশিপে ৯ জন রোহিঙ্গা বেসামরিক নাগরিককে অপহরণের অভিযোগ উঠেছে আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। স্থানীয় সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মে মাসের শেষদিকে উত্তর মংডোর কিয়াত ইয়ো পিন গ্রাম ঘিরে ফেলে আরাকান আর্মির সদস্যরা। পরে তারা গ্রামে প্রবেশ করে কয়েকটি বাড়ি থেকে ৯ জন রোহিঙ্গা পুরুষকে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো কারণ বা অভিযোগ না জানিয়েই ওই ব্যক্তিদের আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, অপহৃতদের মধ্যে পাঁচজনকে পরেরদিন সকালে মুক্তি দেওয়া হলেও চারজন এখনও আটক রয়েছেন। তারা হলেন—আবুল কাসিম, মোহাম্মদ শফিক, রশিদ উল্লাহ এবং ইসলামের ছেলে শাহজাদ খান।
একজন স্থানীয় বাসিন্দার ভাষ্য, আটক চারজনকে প্রথমে ফাওয়াতচাউং এলাকায় অবস্থিত একটি আরাকান আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরে তাদের গাঞ্চাউংয়ের আরেকটি ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, আটক চারজনই নিম্নআয়ের পরিবারের সদস্য। তাদের পরিবারের সদস্যরা বর্তমানে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
তিনি আরও বলেন, ‘পরিবারগুলো জানে না কেন তাদের আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো খবর না পাওয়ায় তারা খুবই উদ্বিগ্ন।’
তবে এ অভিযোগের বিষয়ে আরাকান আর্মির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


