পঞ্চগড়ের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তের টিটিহিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এনায়েতুল্লাহ (২৩) ও তার স্ত্রী জাইনুব বিবি (২১) এবং ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী নুর কলিমা (২০)।
বিজিবি জানায়, টিটিহিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় টহল দলের নজরে পড়েন ওই চারজন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে পরিচয় দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, কক্সবাজার থেকে মানব পাচারকারী চক্রের সদস্যরা তাদের পঞ্চগড়ে নিয়ে আসে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর উদ্দেশ্যেই তাদের পঞ্চগড়ে আনা হয়েছিল।
পরে আটক চারজনকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বিজিবি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘বিজিবি সীমান্ত এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’


