রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক সরকার। আদালতের এই সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছে দেশটির সরকার। একই সঙ্গে রায়ের সমালোচনা করেছে মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীনও।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, তাঁদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের দেশ অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছে। এই সিদ্ধান্ত সর্বসম্মত নয়; এটি ন্যায়সংগত নয়।’

এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান গণহত্যার শামিল। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠীর দেশ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর পরিচালিত ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে বলে আদালত সিদ্ধান্ত দেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুনও আইসিজের রায়ের সমালোচনা করেছেন। বেইজিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এ ধরনের রায় বিরোধ নিষ্পত্তিতে সহায়ক নয়। এ সংকট আরও জটিল না করে সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টা প্রয়োজন।

আইসিজের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের ব্যাপকভাবে হত্যা করেছে, নারীদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে এবং শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে বা ধ্বংস করেছে। এসব অভিযানকে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামে পরিচালনা করা হয়েছিল।

আদালতের ১৫ বিচারকের মধ্যে ৯ জন গণহত্যার পক্ষে রায় দেন এবং ৬ জন এর বিপক্ষে অবস্থান নেন। আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম আদালতের বিচারকেরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় নির্ধারণ করলেন।

আদালতের একজন বিচারক ছিলেন চীনা নাগরিক। তিনি একটি বিষয় ছাড়া বাকি সব ক্ষেত্রেই মিয়ানমারের পক্ষে ভোট দেন।

প্রায় নয় বছর আগে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওই অভিযানের ফলে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তাঁদের অনেকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশেও পালিয়ে যান।

আইসিজের রায়ে বলা হয়েছে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। পাশাপাশি মিয়ানমারকে নিজ দেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন’ নিশ্চিত করতে হবে।

এদিকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছে মালয়েশিয়া।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার জন ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।

অন্যদিকে মিয়ানমার বর্তমানে বহুমুখী গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। দেশটির রাখাইন রাজ্যেও সংঘাত চলছে, যেখানে ঐতিহাসিকভাবে অধিকাংশ রোহিঙ্গার বসবাস ছিল।