রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এক যৌথ অভিযানে নয়জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫ জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশি বলে জানা গেছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে।
আটককৃতরা হলেন- মো. সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মো. হোসেন, তৈয়ব, সাবিকুন, তহুরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাঙামাটির রির্জাব বাজার থেকে স্পিডবোটে ১২ জনের একটি দল লংগদুর উদ্দেশে রওনা হয়ে মাইনীমুখ বাজারে এসে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় নয়জনকে আটক করা হয়। তবে তিনজন ঘটনাস্থল থেকে চলে যেতে সক্ষম হন বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের মধ্যে ৫ জন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেন। অবশিষ্ট ৪ জন নিজেদের বাংলাদেশি দাবি করেছেন। পরে আটক ৯ জনকেই লংগদু থানা হেফাজতে নেওয়া হয়েছে।
লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে জানান, আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


