বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম মারাত্মক সংকটের মুখে পড়েছে। দাতা দেশ ও সংস্থাগুলোর অর্থায়ন কমে যাওয়ায় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটি বলেছে, দাতা দেশগুলোকে রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রমে পূর্ণ অর্থায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দিতে হবে এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এসব প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।
এইচআরডব্লিউর তথ্য অনুযায়ী, বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোতে স্কুলগামী শিশুর সংখ্যা প্রায় পাঁচ লাখ। এর মধ্যে মাত্র ৩ লাখ ১২ হাজার শিশু মানবিক সহায়তায় পরিচালিত শিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছে। অর্থাৎ প্রায় ১ লাখ ৮৮ হাজার শিশু এখনো এসব কার্যক্রমের বাইরে। জনসংখ্যা বৃদ্ধি এবং মিয়ানমার থেকে নতুন করে পালিয়ে আসা মানুষের কারণে চলতি বছর আরও প্রায় ৯০ হাজার শিশুর শিক্ষার প্রয়োজন তৈরি হয়েছে।
সংস্থাটি জানায়, ২০২৫ সালে অর্থায়ন সংকটের কারণে কয়েক মাসের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে সীমিত সম্পদের কারণে এসব কার্যক্রম আবারও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এই সংকটের মধ্যে রোহিঙ্গা শিক্ষক ও কমিউনিটির উদ্যোগে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব স্কুলে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। ২০২৫ সালে গঠিত ‘এক্সামিনেশন বোর্ড অব রোহিঙ্গা রিফিউজিস’-এর অধীনে বর্তমানে ১২৫টির বেশি কমিউনিটিভিত্তিক স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানে মিয়ানমারের শিক্ষাক্রম অনুসরণ, মানসম্মত পাঠদান এবং নিয়মিত পরীক্ষার ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এসব স্কুলের সরকারি স্বীকৃতি না থাকায় বিদেশি সহায়তা সরাসরি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। অনেক স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য ফি নিয়ে পরিচালিত হচ্ছে। শ্রেণিকক্ষের জন্য রোহিঙ্গাদের ছোট ছোট বসতঘরও ব্যবহার করতে হচ্ছে।
এইচআরডব্লিউ জানায়, বাংলাদেশের বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। গত অক্টোবর প্রথমবারের মতো কয়েক ডজন রোহিঙ্গা প্রাথমিক শিক্ষার্থীকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাথমিক শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। এ উদ্যোগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সহযোগিতা করে।
এছাড়া প্রথমবারের মতো রোহিঙ্গা একটি বেসরকারি সংস্থাকে শিবিরে ২৪০ শিক্ষার্থীর জন্য প্রাথমিক বিদ্যালয় নির্মাণ এবং নির্দিষ্ট পাঠ্যক্রম চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। যুক্তরাজ্যভিত্তিক রোহিঙ্গা সংগঠন ‘রোহিঙ্গা সেন্টার ইউকে’ ১০টি বিষয়ের সমন্বয়ে নতুন পাঠ্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। এতে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাঠদান করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সমন্বয়ে পরিচালিত মানবিক শিক্ষা কার্যক্রমও অর্থসংকটে রয়েছে। ২০২৫ সালে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বাজেট চাওয়া হলেও দাতাদের কাছ থেকে পাওয়া গেছে মাত্র ২ কোটি ৯০ লাখ ডলার। ফলে শিক্ষক ছাঁটাই, প্রশিক্ষণ বন্ধ, প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাতিল এবং বিভিন্ন লার্নিং সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।
২০২৬ সালের জন্য শিক্ষা খাতে অর্থায়নের চাহিদা কমিয়ে ৫ কোটি ৩০ লাখ ডলার করা হলেও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রতিশ্রুত অর্থের পরিমাণ ছিল মাত্র ৩ কোটি ৬০ লাখ ডলার। ফলে শিক্ষা কেন্দ্রগুলো আবারও বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এইচআরডব্লিউর শিশু অধিকারবিষয়ক সহযোগী পরিচালক বিল ভ্যান এসভেল্ড বলেন, প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষার বিষয়টি দাতা সরকারগুলো উপেক্ষা করছে। তবে যথাযথ উদ্যোগ নিলে এই সংকট মোকাবিলা করা সম্ভব।
তিনি বলেন, তাদের শিক্ষার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকে রোহিঙ্গা পরিচালিত স্কুলগুলোর সঙ্গে কাজ করতে হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় দেওয়ার কথা রয়েছে। ২০১৬-১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা নিয়ে মামলাটি দায়ের করা হয়।
এইচআরডব্লিউ বলছে, রোহিঙ্গা পরিচয় নির্বিশেষে প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষার অধিকার রয়েছে। তাই রোহিঙ্গা শিশুদের শিক্ষা কোনো সাময়িক মানবিক সহায়তা নয়, বরং এটি তাদের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করতে হবে।
একজন রোহিঙ্গা শিক্ষক বলেন, শিশুরা পড়াশোনা করতে আগ্রহী। কিন্তু তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা নানা পরিস্থিতির কারণে বারবার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষাকে অস্থায়ী মানবিক প্রকল্প হিসেবে নয়, অধিকার হিসেবে দেখতে হবে।


