কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার এক নম্বর আসামি ও দীর্ঘদিনের পলাতক লালু (৩৭)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে প্রাথমিকভাবে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার লালু উখিয়া থানায় দায়ের করা দুটি হত্যা মামলার এক নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তার লালু (৩৭) উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের জি৬ ব্লকের বাসিন্দা ও মৃত সিদ্দিক আহমেদের পুত্র।
আ. ম. ফারুক বলেন, ‘অপরাধী যেই হোক, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত রয়েছে এবং রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’
গ্রেপ্তার লালুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


