কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে নতুন করে আরও ১৩ জন রোহিঙ্গা নাগরিকের নতুন করে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ছয়জন মিয়ানমার থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বরইতলী সীমান্ত দিয়ে এবং সাতজন ভারত থেকে সাতক্ষীরা সীমান্ত হয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছেন।
পরে তারা দালালের মাধ্যমে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে আশ্রয় নেন। এর বাইরে সাম্প্রতিক সময়ে ভারত ও মিয়ানমার থেকে আরও অর্ধশতাধিক রোহিঙ্গা নতুন করে উখিয়ার আশ্রয়শিবিরে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ নভেম্বর রাত সাড়ে সাতটার দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং টাউনশিপ থেকে একটি পরিবারের ছয় সদস্য দালালের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলার বরইতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাঁরা উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১০৮-সি ব্লকের বাসিন্দা রহিমা খাতুনের শেডে আশ্রয় নেন।
নতুন অনুপ্রবেশকারীরা হলেন আমির হোসেন (৪৮), তার ছেলে নুর হোসেন (১৭), ইমাম হোসেন (১৪), জাহিদ হোসেন (১২), দীনি ইসলাম (৮) ও নুর আয়েশা (৪)। তাঁরা সবাই মিয়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা।
অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভারত থেকে আরও একটি পরিবারের সাত সদস্য সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাঁদের উখিয়ার কুতুপালং ওয়ান ইস্ট রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-৫ ব্লক এলাকায় স্থানীয় বাংলাদেশি নাগরিক হাজী ফজু মিয়ার বাড়িতে আশ্রয় দেওয়া হয়।
এই পরিবারের সদস্যরা হলেন শাহ আলম (৪০), তার স্ত্রী জামালিদা (৩৯) এবং তাদের পাঁচ সন্তান মো. রমিজ (১৭), ইয়াসিন আরফাত (১৪), মো. এরশাদ (১১), নূর ফাতেমা (৮) ও মো. রেদোয়ান (৪)। শাহ আলমের বাবার নাম নবী হোসেন।
এদিকে, উখিয়ার কুতুপালং ওয়ান ইস্ট ও ওয়ান ওয়েস্ট রোহিঙ্গা আশ্রয়শিবিরের শিবির ইনচার্জ (সিআইসি) উপসচিব মিনহাজুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওয়ান ইস্ট আশ্রয়শিবিরে নতুন করে ৫০ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে ৪৫ জন ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।
মিনহাজুল ইসলাম বলেন, ‘নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি বড় অংশ দীর্ঘদিন ভারতের জম্মু-কাশ্মীর এলাকায় অবস্থান করছিলেন। সেখানকার সরকার তাদের বসতবাড়ি উচ্ছেদ করার পর তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে দালালদের মাধ্যমে উখিয়ার কুতুপালং ওয়ান ইস্ট আশ্রয়শিবিরে চলে আসেন। তাঁদের অনেকের কাছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) নিবন্ধন কার্ড রয়েছে।’
মিয়ানমার থেকে পালিয়ে আসার কারণ সম্পর্কে সিআইসি বলেন, ‘পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে জানা গেছে, মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের জোরপূর্বক নিজেদের দলে অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিচ্ছিল। এ কারণে তারা প্রাণভয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন।’
নাম প্রকাশ না করার শর্তে আশ্রয়শিবিরসংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর—এই তিন দিনে মিয়ানমার থেকে অন্তত ৫৫ জন রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে কুতুপালং ওয়ান ইস্ট আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছেন। দালালদের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে তারা আশ্রয়শিবিরের বিভিন্ন শেডে অবস্থান নিয়েছেন। তাঁদের অধিকাংশই বুচিডং টাউনশিপের বাসিন্দা।
এদিকে, স্থলসীমান্তের পাশাপাশি সাগরপথেও রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বর ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব ছড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী, আটজন পুরুষ ও ১৬টি শিশু রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গা দালালদের মাধ্যমে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মাছ ধরার নৌকায় বাংলাদেশে প্রবেশ করেন। টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় অর্থের বিনিময়ে তাঁদের মিয়ানমার থেকে নিয়ে আসা হয়। পরে হাবিব ছড়া এলাকার ফাতেমা খাতুনের বাড়িতে তাঁদের রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেন। অন্যরা স্থানীয় দালালদের সহায়তায় বিভিন্ন লোকালয়ে ছড়িয়ে পড়েন বলে সূত্র জানিয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সম্প্রতিক সময় সাগরপথে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’
ভারত ও মিয়ানমারের স্থলসীমান্ত এবং বঙ্গোপসাগর-নাফ নদীপথ ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের এসব ঘটনা সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে দালালচক্রের সহায়তায় অনুপ্রবেশের পর তাঁদের আশ্রয়শিবিরে পৌঁছে যাওয়ার ঘটনায় সীমান্তে নজরদারি ও অনুপ্রবেশ প্রতিরোধের কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।


