কক্সবাজারের উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে একটি সাবান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তিনি বেসরকারি সংস্থা পালস এর উদ্যোগে পরিচালিত এ কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রতিনিধি জুলিয়েট মুরেকেই সোনি, বিশেষ দূতের কার্যালয়ের রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা ডানকান উইলসন এবং সহযোগী জনসংযোগ কর্মকর্তা পায়ে থেট চেল।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি সাবান উৎপাদনের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) জীবিকায়ন কার্যক্রমের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের সহায়তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং পালস এর অংশীদারত্বে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বনির্ভরতা, মর্যাদা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করা হচ্ছে।
এ উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে সাবান উৎপাদনের পাশাপাশি জরুরি মানবিক সহায়তা কার্যক্রমে প্রয়োজনীয় পণ্য সরবরাহের সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা বাড়াতেও ভূমিকা রাখছে এ কার্যক্রম।


