দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সম্পৃক্ততার অংশ হিসেবে মার্কিন কংগ্রেসের একদল কর্মকর্তা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। পরে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) সঙ্গে বৈঠক করেন।

আরআরআরসি জানায়, বুধবার (২৬ আগস্ট) মার্কিন কংগ্রেসের স্টাফদের একটি প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আরআরআরসি কার্যালয় পরিদর্শন করে। এ সময় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএনএইচসিআরের মাল্টি-কান্ট্রি অফিসের কর্মকর্তারাও তাদের সঙ্গে ছিলেন।

সফরকে রোহিঙ্গা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রহ ও সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে আরআরআরসি। একই সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তা এবং মানবিক কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও এতে পুনর্ব্যক্ত হয়েছে।

সফরকালে প্রতিনিধিদলটি সরকারের অতিরিক্ত সচিব ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মীজানুর রহমানের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে চলমান রোহিঙ্গা মানবিক সংকট, ক্যাম্পগুলোর পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলে ছিলেন প্রতিনিধি রায়ান ম্যাকেঞ্জির সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডানা, প্রতিনিধি স্টেফানি বাইসের লেজিসলেটিভ ডিরেক্টর রবার্ট সার, প্রতিনিধি মার্লিন স্টুটজম্যানের লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট রায়ান কারেইরো এবং সিনেট রিপাবলিকান পলিসি কমিটির জাতীয় নিরাপত্তা বিশ্লেষক টোরি কক্স।

এ ছাড়া প্রতিনিধি ম্যাডেলিন ডিনের লেজিসলেটিভ ডিরেক্টর সারাহ জ্যাকবস, সিনেটর ক্রিস ভ্যান হলেনের জাতীয় নিরাপত্তাবিষয়ক লেজিসলেটিভ এইড মাইয়েশা হোসাইন এবং প্রতিনিধি ম্যাক্সওয়েল ফ্রস্টের লেজিসলেটিভ ডিরেক্টর মার্শেল ব্রায়ান্ট প্রতিনিধিদলের সদস্য ছিলেন।

তাদের সঙ্গে ছিলেন ওয়াশিংটন ডিসিতে ইউএনএইচসিআরের মাল্টি-কান্ট্রি অফিসের সিনিয়র এক্সটার্নাল রিলেশনস অফিসার ন্যান্সি জ্যাকসন এবং এক্সটার্নাল রিলেশনস অ্যাসোসিয়েট জেসি আইন্সলি।