উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হেগের পিস প্যালেসে গাম্বিয়ার দায়ের করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করেন জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থাটির বিচারকেরা।
আদালতের ১৫ জন বিচারকের মধ্যে ৯ জনের সমর্থনে এই রায় দেওয়া হয়। বাকি ছয়জন বিচারক রায়ের বিপক্ষে ভোট দেন। আদালত একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় মিয়ানমারকে দায়ী করেছে।
২০১৭ সালে শুরু হয় রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতন
২০১৭ সালের আগস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক অভিযান শুরু হলে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেন। প্রথম দিকে সীমান্তে কড়াকড়ি থাকলেও পরে মানবিক বিবেচনায় তাঁদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়।
নাফ নদী পেরিয়ে ছোট ছোট নৌকায় করে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেন। হত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও বাড়িঘর ধ্বংসের মতো ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে বাস্তুচ্যুত হন বিপুলসংখ্যক রোহিঙ্গা।
এ ঘটনার পর ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ সাত বছর বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হলো।
ফেসবুক পোস্ট নিয়ে গণহত্যার উসকানির অভিযোগে নিশ্চিত নয় আদালত
রায়ে বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর কিছু ফেসবুক পোস্টে অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় জড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে আদালত মনে করে।
তবে এসব পোস্টের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল কি না, সে বিষয়ে আদালত নিশ্চিত হতে পারেনি।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, পোস্টগুলোর পাঠকেরা বার্তাগুলোকে গণহত্যার উসকানি হিসেবে বুঝেছিলেন—এমন প্রমাণও পাওয়া যায়নি। ফলে বেসরকারি ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রকাশ্যে ও সরাসরি গণহত্যার উসকানি দেওয়ার অভিযোগে মিয়ানমারের দায় সম্পর্কে আদালত পুরোপুরি নিশ্চিত নয়।
যেভাবে হলো আইসিজের রায়ের ভোট
রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে দেওয়া আইসিজের রায় হলো যেভাবে, তা এখানে তুলে ধরা হলো:
৯-৬ ভোটে আইসিজে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, মিয়ানমার “উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।”
আদালত প্রমাণ পেয়েছে যে, নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ ব্যক্তিদের দ্বারা সংঘটিত গণহত্যা প্রতিরোধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।
প্রথম দু্ইটি কাউন্টের অর্থ, আইসিজের ১৫ জন বিচারকের মধ্যে নয়জনই মিয়ানমার যে গণহত্যা চালিয়েছে এবং সেটি প্রতিরোধ করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে সেই রায়ের পক্ষে ভোট দিয়েছেন। আর বাকি ছয় বিচারক এর বিরুদ্ধে রায় দিয়েছেন।
তিন নম্বর কাউন্টে, ১৪ জন বিচারক মিয়ানমার রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠির বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যার উস্কানি দেয়নি বলে রায় দিয়েছে। তবে এই রায়ে একজন বিচারক দ্বিমত পোষণ করেছেন।
মরদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে প্রমাণ ধ্বংস
রায়ের পর্যবেক্ষণে বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, মিয়ানমার মরদেহ পুড়িয়ে ফেলে কিংবা অন্য উপায়ে সরিয়ে দিয়ে ব্যাপকভাবে অপরাধের প্রমাণ ধ্বংস করেছে।
এছাড়া যেসব এলাকায় সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান চালানো হয়েছিল, সেসব স্থানও পুড়িয়ে দেওয়া হয় এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে ২০১৭ সালে রাখাইনে কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
রায়কে রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি বলছে এইচআরডব্লিউ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) আইসিজের এই রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করেছে।
সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে ভয়াবহ দুর্ভোগের শিকার হয়েছেন, এই রায় তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
ভিগনোলি মিয়ানমারকে দ্রুত আদালতের রায় মেনে নিয়ে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানান।
দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আইসিজের এই রায় রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচারিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।


