ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘ফিফা আসিয়ান কাপে’ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারতের পরিবর্তে বাংলাদেশকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য চূড়ান্ত আমন্ত্রণ জানিয়েছে ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সভায়ও অংশগ্রহণের বিষয়টি অনুমোদন করা হয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি ফিফাকে ইতোমধ্যে নিশ্চিত করেছে বাফুফে।
শনিবার (২২ আগস্ট) বাফুফের নির্বাহী সভা শেষে মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। সেটি হলো, আসিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি আমরা। আমরা ফিফাকে এরই মধ্যে নিশ্চিত করেছি যে আসিয়ান কাপে খেলব।’
গত ১৩ আগস্ট ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার পর ফিফা বাংলাদেশের সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা জানতে চায় এবং একই সঙ্গে আসিয়ান কাপে খেলার বিষয়ে আগ্রহ জানতে চায়। বাফুফে ইতিবাচক সাড়া দেওয়ার পর শনিবার রাতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আমন্ত্রণ জানায় ফিফা।
ফিফা আরব কাপের আদলে ‘ফিফা আসিয়ান কাপ’ আয়োজনের সিদ্ধান্ত নেয় গত বছর। চলতি বছর ফিফা কংগ্রেসে টুর্নামেন্টটি আয়োজনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আসিয়ানভুক্ত ১১টি দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তবে এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা থাকায় ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। এর আগে চীনের জায়গায় পাকিস্তানকে নেওয়া হয়। এবার ভারতের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলো।
মোট ১৪টি দলকে নিয়ে দুটি ডিভিশনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। আট দল নিয়ে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ায়। আর ছয় দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন অনুষ্ঠিত হবে হংকংয়ে।
বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্য গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ১৬ দিনের ফিফা উইন্ডো রয়েছে। এই সময় ঘরের মাঠে চার জাতির টুর্নামেন্ট আয়োজন অথবা কিরগিজস্তানে গিয়ে তিন জাতির টুর্নামেন্ট খেলার পরিকল্পনা করেছিল বাফুফে। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাদ দিয়ে বাংলাদেশ সরাসরি ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেল।


