মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো নন, তার চোখে সর্বকালের সেরা ফুটবলার হলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।

সম্প্রতি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার ফুটবলপ্রেম এবং প্রিয় ফুটবলারের বিষয়ে কথা বলেন।

ট্রাম্প জানান, তরুণ বয়সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমস ক্লাবের হয়ে পেলের খেলা সরাসরি দেখার সুযোগ হয়েছিল তার। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, পেলের খেলা দেখার পরই তিনি নিশ্চিত হন যে, ব্রাজিলিয়ান কিংবদন্তিই সর্বকালের সেরা ফুটবলার।

তিনি বলেন, নিজেকে তিনি ‘পুরোনো ধাঁচের’ মানুষ মনে করেন। যেমন বেসবলে বেব রুথকে সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হয়, তেমনি ফুটবলে পেলের অবস্থানও অনন্য।

এদিকে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরেও ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনালে তার উপস্থিতি প্রত্যাশিত এবং চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।