বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকায় সহকর্মীদের বেতন জোগাতে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকা চালানো প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন সম্মাননা পেয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

সোমবার (০৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পছন্দের সাতজন শিক্ষকের মধ্যেও স্থান পান তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

থানচির দুর্গম পাহাড়ঘেরা তিন্দু এলাকায় ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের অধিকাংশই নিম্নআয়ের পরিবারের সন্তান।

পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বেতন পরিশোধ করতে পারে না। এতে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে দীর্ঘদিন ধরে সংকট তৈরি হয়। এই পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে আয় করে সহকর্মীদের বেতন পরিশোধে সহায়তা করতেন।

শিক্ষার প্রতি দায়িত্ববোধ ও সহকর্মীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের স্বীকৃতি হিসেবে এবার তিনি পেলেন দেশের অন্যতম সম্মানজনক শিক্ষক সম্মাননা।