বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে মো. আরাফাত নামে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজবিলা ইউনিয়নের উদালবনিয়া এলাকা থেকে আরাফাতকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি রাজবিলা ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীরের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, বিকেলে উদালবনিয়া এলাকায় অবস্থান করার সময় জেএসএসের সশস্ত্র সদস্যেরা আরাফাতকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তবে কারা তাকে নিয়ে গেছে এবং কী কারণে বা কোন উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর রাজবিলা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, অপহৃত যুবককে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।