প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন। এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক এবং সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে, শুক্রবার পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এতে আরও বলা হয়, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বে জারি করা গণবিজ্ঞপ্তির সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
জেলা প্রশাসন পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে।


