বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে সাইফুল ইসলাম (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সীমান্তের শূন্যরেখার প্রায় ৪০০ মিটার ভেতরে মিয়ানমারের ডুইল্যাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়া এলাকার সাবের আহমদের ছেলে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের বরাতে জানা গেছে, সোমবার সকালে পাইনছড়া এলাকার ছয়জন বাসিন্দা সীমান্তের ৫২ নম্বর সীমান্তখুঁটির কাছ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভূখণ্ডে বাঁশ কাটতে যান। বাঁশ কাটার সময় হঠাৎ স্থলমাইন বিস্ফোরিত হলে সাইফুল গুরুতর আহত হন। বিস্ফোরণে তাঁর দুই পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে তার সঙ্গে থাকা লোকজন সাইফুলকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়া এলাকা নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে। সীমান্তের ওপারে ওই এলাকায় আরাকান আর্মির (এএ) ডুইল্যাঝিরি ক্যাম্প রয়েছে বলে জানা গেছে। এলাকাটি নাইক্ষ্যংছড়ি বিজিবি ১১ ব্যাটালিয়নের টার্গুপাড়া সীমান্তচৌকির আওতাধীন।
পুলিশের পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জীবনযাত্রা ঝুঁকির মধ্যে পড়েছে। সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করা এবং বিজিবির নজরদারি ও টহল জোরদারের প্রয়োজন রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মাইন বিস্ফোরণে নিহত সাইফুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সীমান্ত এলাকার বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।


