বেশি জাহাজভাড়া, যাতায়াতের সীমাবদ্ধতায় আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা,  দ্বীপে পর্যটকদের জন্য আড়াই শতাধিক হোটেল-রিসোর্ট প্রস্তুত থাকলেও অধিকাংশই এখনো পর্যটকস্বল্পতায় ভুগছে।

নয় মাস পর্যটকশূন্য থাকার পর প্রকৃতি যেন নিজের মতো করে ফিরে পেয়েছে বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। বালিয়াড়িজুড়ে বিস্তৃত সাগরলতা, ফুলে ফুলে সজ্জিত দ্বীপের প্রবেশপথ, সবুজ কেয়াবন আর স্বচ্ছ নীল পানির নিচে দৃশ্যমান প্রবাল- সব মিলিয়ে বদলে গেছে দ্বীপের চেনা দৃশ্যপট। পর্যটকদের অবাধ বিচরণ, প্লাস্টিক বর্জ্য ও পরিবেশের ওপর অতিরিক্ত চাপের কারণে একসময় বিপর্যস্ত হয়ে পড়া দ্বীপটি দীর্ঘ বিরতিতে ফিরে পেয়েছে অনেকটা প্রাকৃতিক সৌন্দর্য।

দীর্ঘ বিরতিতে দ্বীপটিতে ফিরেছে প্রাকৃতিক সৌন্দর্য

কিন্তু প্রকৃতির এই প্রত্যাবর্তনের মধ্যেই শুরু হয়েছে নতুন পর্যটন মৌসুম। গত ১ নভেম্বর পর্যটকদের জন্য দ্বীপ উন্মুক্ত হলেও জাহাজ চলাচল শুরু হয় ৫ নভেম্বর। এরপর সাত দিনে তিনটি জাহাজে করে দ্বীপে গেছেন মাত্র ৬ হাজার ১৮ জন পর্যটক। অথচ প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার অনুমতি রয়েছে। অর্থাৎ পর্যটকদের উপস্থিতি এখনো প্রত্যাশার ধারেকাছেও পৌঁছায়নি।

দীর্ঘ সমুদ্রযাত্রা, তুলনামূলক বেশি জাহাজভাড়া এবং যাতায়াতের নানা সীমাবদ্ধতার কারণে অনেক পর্যটক আগ্রহ হারাচ্ছেন। দ্বীপে পর্যটকদের জন্য আড়াই শতাধিক হোটেল-রিসোর্ট প্রস্তুত থাকলেও অধিকাংশই এখনো পর্যটকস্বল্পতায় ভুগছে। ব্যবসায়ীরা ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের সংখ্যা বাড়ার আশায় বুক বাঁধছেন।

তবে পর্যটনসংশ্লিষ্টদের জন্য উদ্বেগের জায়গা অন্যখানে। পর্যটক কম থাকলে স্থানীয় ব্যবসা ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার পর্যটকের চাপ বাড়লে নয় মাসে ফিরে পাওয়া প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্য নতুন করে হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। একদিকে দ্বীপের অর্থনীতি সচল রাখা, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা- এই দুইয়ের মধ্যে সমন্বয় করাই এবার সেন্টমার্টিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সাত দিনে পর্যটক মাত্র ৬ হাজার ১৮ জন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরে অবস্থিত সেন্টমার্টিনে চলতি মৌসুমে পর্যটক পরিবহনের অনুমতি পেয়েছে তিনটি জাহাজ। এগুলো হলো- এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। অনুমোদনসংক্রান্ত জটিলতা কাটিয়ে ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর প্রথম দিনে ৮৩৭ জন পর্যটক দ্বীপে যান। পরবর্তী পাঁচ দিনে যান ৪ হাজার ৩৯১ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ায় ২ হাজার ১৪৯, এমভি টেকনাফে ১ হাজার ২২৩ এবং এমভি কর্ণফুলীতে ১ হাজার ১৯ জন পর্যটক যাতায়াত করেন। ষষ্ঠ দিনে পর্যটক ছিলেন ৫৯৪ জন। সপ্তম দিনে কিছুটা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৩ জনে। সব মিলিয়ে সাত দিনে দ্বীপে গেছেন ৬ হাজার ১৮ জন পর্যটক।

তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ৮৫০, এমভি কর্ণফুলীর ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন। জাহাজগুলোর দৈনিক ধারণক্ষমতার পাশাপাশি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

প্রথম পাঁচ দিনে ১৭ হাজার ৫০০ পর্যটক যাওয়ার সুযোগ থাকলেও গেছেন মাত্র ৪ হাজার ৩৯১ জন। অর্থাৎ অনুমোদিত সংখ্যার এক-চতুর্থাংশ পর্যটকও দ্বীপে যাননি।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায়, এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। ফিরতি যাত্রায় জাহাজ তিনটি যথাক্রমে দুপুর ২টা ৩০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট ও বিকেল সাড়ে ৩টায় দ্বীপের ঘাট ছাড়ে।

ছয়-সাত ঘণ্টার সমুদ্রযাত্রায় আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে সকালে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। প্রায় ৯৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাতে সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা। দীর্ঘ এই যাত্রা অনেক পর্যটকের কাছে ক্লান্তিকর ও অস্বস্তিকর হয়ে উঠেছে।

এমভি টেকনাফে করে দ্বীপে আসা ঢাকার বাসিন্দা কামরুল হোসাইন বলেন, ‘এত দীর্ঘ সমুদ্রযাত্রা বিরক্তিকর। জাহাজ ছাড়ার পর প্রথম ঘণ্টায় ভালো লাগলেও সময় যত গড়ায়, ততই অস্বস্তি বাড়ে। সাত বছর আগে টেকনাফ থেকে মাত্র দুই ঘণ্টায় সেন্টমার্টিন এসেছিলাম। তখন এমন ভোগান্তি হয়নি।’

জাহাজের ভাড়া নিয়েও অসন্তোষ রয়েছে পর্যটকদের মধ্যে। রাজবাড়ীর বাসিন্দা মোমেনুল হাকিম পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে দ্বীপে বেড়াতে এসেছেন। তিনি বলেন, ‘সেন্টমার্টিন আমার পছন্দের জায়গা। তাই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছি। যাওয়া-আসার টিকিট জনপ্রতি পাঁচ হাজার টাকা পড়েছে। ভাড়া কিছুটা কমানো হলে মধ্যবিত্ত পরিবারের জন্য দ্বীপ ভ্রমণ সহজ হতো।’

দ্বীপের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মতে, টেকনাফ কিংবা ইনানী থেকে জাহাজ চলাচলের ব্যবস্থা করা গেলে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি পর্যটকের সংখ্যাও বাড়তে পারে।

দ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘আগে টেকনাফ থেকে জাহাজ চলাচলের সময় সেন্টমার্টিনে ভালোসংখ্যক পর্যটক আসতেন। আবার টেকনাফ-সেন্টমার্টিন পথে জাহাজ চলাচল শুরু হলে পর্যটক ও স্থানীয় বাসিন্দা—উভয় পক্ষের জন্য সুবিধা হবে।’

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘জাহাজের কর্মীদের বেতন, সরকারের ভ্যাট-করসহ পরিচালন ব্যয়ের বিষয় বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়। তবে পর্যটকদের কথা মাথায় রেখে ভাড়া কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে সাশ্রয়ী মূল্যে দাঁড়িয়ে ভ্রমণের টিকিটও চালু হয়েছে।’

আড়াই শতাধিক হোটেল-রিসোর্ট, অনেকটা ফাঁকা

মাত্র প্রায় নয় বর্গকিলোমিটার আয়তনের সেন্টমার্টিনে গড়ে উঠেছে প্রায় আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট। এসব প্রতিষ্ঠানে এক রাতে একসঙ্গে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। পর্যটন মৌসুম শুরু হলেও পর্যটকের উপস্থিতি কম থাকায় অনেক হোটেল-রিসোর্ট এখনো অনেকটা ফাঁকা পড়ে আছে।

দ্বীপে পর্যটকদের জন্য শতাধিক হোটেল-রিসোর্ট প্রস্তুত

দ্বীপের গলাচিপা এলাকার কিংশুক ইকো রিসোর্টের পরিচালক সরোয়ার কামাল বলেন, “পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের রিসোর্ট নতুন করে সাজানো হয়েছে। সার্বক্ষণিক বিদ্যুৎ, খাবারসহ প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে। এবার ভালোসংখ্যক পর্যটক আসবেন বলে আমরা আশা করছি।”

সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, “দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটক কম থাকলেও ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল-রিসোর্ট অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আমরা আশাবাদী।”

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপ উন্মুক্ত থাকবে। এ সময়ে পর্যটকেরা ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপে যাওয়ার অনুমতি পাবেন।

কঠোর বিধিনিষেধে পর্যটন, পরিবেশ রক্ষায় নানা শর্ত

পর্যটকদের জন্য দ্বীপ উন্মুক্ত করা হলেও সেন্টমার্টিনের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। দ্বীপে প্রবেশের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ ও যাতায়াতের তথ্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

পর্যটক কমেছে, বেড়েছে প্রকৃতির সৌন্দর্য

দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপটিতে দীর্ঘদিন মানুষের আনাগোনা না থাকায় বিভিন্ন এলাকায় প্রাকৃতিক উদ্ভিদের বিস্তার ঘটেছে। দ্বীপের প্রবেশপথের দুই পাশে সাগরলতা ছড়িয়ে পড়েছে। নানা প্রজাতির ফুলে সেজেছে বালিয়াড়ি। সবুজ কেয়াগাছে ধরেছে ফল। উপকূলজুড়ে সারি সারি নারিকেলগাছের পাশাপাশি প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে কেয়াবন।

দ্বীপটিতে মানুষের আনাগোনা না থাকায় বেড়েছে প্রকৃতির সৌন্দর্য

স্বচ্ছ নীল পানির নিচে দৃশ্যমান প্রবালও দ্বীপের সামুদ্রিক জীববৈচিত্র্যের উপস্থিতি জানান দিচ্ছে। দীর্ঘ বিরতিতে অনেক জায়গা আগের তুলনায় পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে।

দ্বীপে বেড়াতে আসা পর্যটক আতুল আহসান বলেন, ‘আগে সেন্টমার্টিনের প্রবেশপথের দুই পাশে তেমন গাছপালা বা ফুল ছিল না। ছড়িয়ে-ছিটিয়ে থাকত ময়লা-আবর্জনা। এখন সাগরলতা, ফুল, সবুজ কেয়াগাছ ও ফলের সমারোহে পরিবেশ অনেক সুন্দর হয়েছে। প্লাস্টিকের ব্যবহার ও যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতাও কমেছে।’

ঢাকা থেকে আসা পর্যটক রিয়াদ হোসেন বলেন, ‘সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। পরিবেশের ক্ষতি হয়, এমন কাজ থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। সম্মিলিত সচেতনতাই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করতে পারে।’

আরেক পর্যটক তোফায়েল আহমেদ বলেন, ‘অনেক পর্যটক স্মৃতিচিহ্ন হিসেবে দ্বীপ থেকে প্রবাল, শৈবাল কিংবা বিভিন্ন প্রাকৃতিক উপাদান সংগ্রহ করে নিয়ে যান। এটি দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। তাই এসব সংগ্রহ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

নজরদারি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু পর্যটকদের সচেতন করলেই দ্বীপের পরিবেশ রক্ষা সম্ভব নয়। পর্যটন মৌসুমে মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্যের পরিমাণও বাড়তে পারে। পাশাপাশি সংবেদনশীল এলাকায় অবাধ প্রবেশ, প্রবাল সংগ্রহ ও প্রাকৃতিক উদ্ভিদের ক্ষতি ঠেকাতে কার্যকর নজরদারি প্রয়োজন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম বলেন, ‘সেন্টমার্টিন দেশের জাতীয় সম্পদ। এর পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পর্যটকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো জাহাজের মাধ্যমে প্রচার করা জরুরী। জেলা প্রশাসনও ঘাটে সচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘শুধু প্রচার-প্রচারণা যথেষ্ট নয়। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম থেকেই প্রত্যেককে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। পরিবেশ মন্ত্রণালয় নির্ধারিত ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি যথাযথভাবে কার্যকর করা গেলে এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করা হলে বছরজুড়ে দ্বীপ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া সম্ভব হবে।’

এ সময় পর্যটকদের অপচনশীল বর্জ্য যত্রতত্র না ফেলার আহ্বান জানান তিনি।

সেন্টমার্টিন দ্বীপের হোটেল-রিসোর্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কেফায়েত খান বলেন, ‘বর্তমানে দ্বীপটি কেয়াগাছ, সাগরলতা ও নানা সামুদ্রিক প্রাণীর সমৃদ্ধিতে সবুজে ঘেরা। কিন্তু পর্যটন মৌসুমে পর্যটকদের অবাধ বিচরণে এসব প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ রক্ষায় সরকারিভাবে স্বেচ্ছাসেবক দল বা বিশেষ তদারকি দল গঠন করা জরুরি। এসব দল নিয়মিত দ্বীপের প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ ও সংরক্ষণে কাজ করলে জীববৈচিত্র্য রক্ষা সহজ হবে।’

সাগরলতা ও কেয়াবন শুধু সৌন্দর্য নয়, দ্বীপের সুরক্ষাকবচও

সেন্টমার্টিনের সাগরলতা ও কেয়াগাছ দ্বীপের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি উপকূলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাগরলতা বালিয়াড়ির বালু ধরে রাখতে এবং বালিয়াড়িকে স্থিতিশীল ও উঁচু রাখতে সহায়তা করে। অন্যদিকে কেয়াগাছ উপকূলীয় ভাঙন ও ভূমিক্ষয় রোধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে।

দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন, ‘সেন্টমার্টিন অত্যন্ত সংবেদনশীল একটি প্রবাল সমৃদ্ধ দ্বীপ। তাই এখানকার প্রতিটি প্রাকৃতিক বৈচিত্র্য ও জীববৈচিত্র্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। পর্যটকদের নিয়মিত সচেতন করার পাশাপাশি কোস্টগার্ড সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘দ্বীপের সুরক্ষায় নিয়মিত টহল, পদচারণা টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশের ক্ষতি করতে পারে, এমন কর্মকাণ্ড থেকে পর্যটকদের বিরত থাকতে উৎসাহিত করা হচ্ছে।’

পরিবেশ অধিদপ্তরও দ্বীপের উদ্ভিদ ও উপকূলীয় পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, “সেন্টমার্টিনের পরিবেশ ও উপকূলীয় সুরক্ষায় সাগরলতা ও কেয়াগাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাগরলতা বালিয়াড়ির বালু স্থিতিশীল রাখতে সহায়তা করে। আর কেয়াগাছ জোয়ার-ভাটার প্রভাবে সৃষ্ট উপকূলীয় ভাঙন ও ক্ষয়রোধে ভূমিকা রাখে।”

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অভিযোজন প্রকল্পের আওতায় ইতিমধ্যে দ্বীপে প্রায় ৬ হাজার ৫০০টি গাছ রোপণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে গত বছর নয়জন জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। দ্বীপের সংবেদনশীল এলাকায় মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে লাল পতাকা স্থাপন করা হয়েছে। এ ছাড়া সমুদ্রতীরবর্তী এলাকায় মোটরসাইকেলসহ যানবাহন চলাচল বন্ধ রাখতে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।

পর্যটন বাড়লেও হারানো যাবে না প্রকৃতির ভারসাম্য

সেন্টমার্টিনের অর্থনীতি ও স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে পর্যটন ওতপ্রোতভাবে জড়িত। হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, নৌযান ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার ওপর নির্ভরশীল দ্বীপের বহু মানুষ। ফলে পর্যটক কমে গেলে তাঁদের আয় ও কর্মসংস্থানে প্রভাব পড়ে। অন্যদিকে অপরিকল্পিত পর্যটন, প্লাস্টিক বর্জ্য, প্রবাল সংগ্রহ, কেয়াবনে অবাধ চলাচল এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি দ্বীপটির অস্তিত্বের জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করতে পারে।

প্রথম সাত দিনে পর্যটকের উপস্থিতি কম থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত নজরদারি, সংবেদনশীল এলাকা সুরক্ষা এবং সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নয় মাস পর্যটকশূন্য থাকার সময় প্রকৃতি নিজের মতো করে যে সবুজ ফিরে পেয়েছে, পর্যটন মৌসুমে তা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। দ্বীপটিকে কেবল পর্যটনকেন্দ্র হিসেবে দেখলে চলবে না, বিবেচনা করতে হবে সংবেদনশীল প্রাকৃতিক প্রতিবেশ হিসেবেও। পর্যটন থেকে আয় বাড়ানোর পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ফিরে পাওয়া সবুজ আবারও হারিয়ে যেতে পারে।

সেন্টমার্টিনের সামনে তাই এখন এক কঠিন সমীকরণ- পর্যটন বাঁচিয়ে স্থানীয় মানুষের জীবিকা সচল রাখা, আবার পর্যটনের চাপ থেকে দ্বীপের প্রকৃতিকে রক্ষা করা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারলেই নয় মাসের সবুজ প্রত্যাবর্তন স্থায়ী রূপ পাবে।