পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।মানচিত্র দেখুন

গত ৭ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্ল রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং স্বাক্ষর করেন। এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন বোর্ডের সচিব (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা সুলতানা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিউবোর সদস্য (বিতরণ) মো. আ. বাছিদসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান ও প্রত্যন্ত জনপদে জ্বালানি সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় এ অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক সেবা কার্যক্রম পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে।

এ লক্ষ্যে গৃহীত ‘টেকসই জ্বালানি উন্নয়ন ও কমিউনিটির ক্ষমতায়ন’ প্রকল্পটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এডিবির ঋণ সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্গম এলাকাগুলোতে জ্বালানি উন্নয়ন কার্যক্রম জোরদার করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতেও দীর্ঘদিন ধরে অর্থায়ন ও সহযোগিতা দিয়ে আসছে সংস্থাটি।