তিন পার্বত্য জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং কৃষি অর্থনীতিকে বহুমুখী করার লক্ষ্যে খাগড়াছড়িতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্কিম পরিচালক ও উপপরিচালক মংছেনলাইন রাখাইনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকার অতিরিক্ত উপপরিচালক মো. আহসানুল হক চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্মসচিব ও সদস্য-অর্থ সুমন বড়ুয়া এবং উপসচিব ও সদস্য-বাস্তবায়ন জাহিদ ইকবাল।

সেমিনারে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ভূমি ও জলবায়ুর উপযোগী কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে কৃষিকে আধুনিক ও বহুমুখী করা সম্ভব। এতে একদিকে কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকদের আয় বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

বক্তারা আরও বলেন, শুধু উৎপাদন বাড়ালেই কৃষকের আয় কাঙ্ক্ষিত মাত্রায় বাড়বে না। উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায়ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ সময় কৃষক, কৃষি উদ্যোক্তা, খামারি, সমবায়ী ও উৎপাদকদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্যের বহুমুখীকরণের মাধ্যমে নতুন কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরির কথা তুলে ধরেন বক্তারা।

সেমিনারে খাগড়াছড়ির নয়টি উপজেলার প্রান্তিক কৃষক, কৃষি উদ্যোক্তা, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা বলেন, পাহাড়ের কৃষিকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া গেলে এটি শুধু খাদ্য উৎপাদনেই ভূমিকা রাখবে না, বরং কৃষকের জীবনমান উন্নয়ন ও তিন পার্বত্য জেলার স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।