খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খিলু মারমা (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ি ফেরার পথে শিশুটিকে একা পেয়ে ওই যুবক জোর করে পাশের একটি বাগানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার পর দুপুর আড়াইটার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন।
গুইমারা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, শিশুটির পরিচয় প্রকাশ না করে প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


