ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অভিযান চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে সম্পৃক্ত সন্দেহে এক বাংলাদেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সংগঠনটির কথিত জ্যেষ্ঠ অস্ত্র কমান্ডার হিসেবে পরিচিত।
আটক ব্যক্তির নাম শ্যামল কান্তি চাকমা। ভারতে তিনি বিজয় চাকমা নামে পরিচয় ব্যবহার করতেন এবং ভারতীয় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড সংগ্রহ করেছিলেন বলে পুলিশের দাবি।
দেশটির পুলিশ সূত্র জানায়, হেরিটেজ পার্কে পিসিজেএসএসের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ক্যাডারের গোপন বৈঠকের তথ্য পেয়ে এনসিসি পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে শ্যামল কান্তি চাকমাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী হিসেবে পরিচিত মিথান চাকমা ও জ্যোতিষ্মান চাকমা ওরফে বুলবুল পালিয়ে যেতে সক্ষম হন বলে পুলিশ জানায়।
আটক শ্যামল কান্তি চাকমাকে বর্তমানে জিপি আউটপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ত্রিপুরায় তার কর্মকাণ্ড, সহযোগীদের পরিচয় এবং কীভাবে তিনি ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন-এসব বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে ত্রিপুরায় অবস্থান ও কার্যক্রম পরিচালনার অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে।


