খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মোড়ার মোড় এলাকায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের একজন কালেক্টর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) আনুমানিক দুপুর ১২টা ৫৫ মিনিটে মোড়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জেএসএস (সন্তু) পক্ষের সশস্ত্র সদস্যরা ইউপিডিএফের (মূল) কালেক্টর সুজনকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।