টানা ভারী বর্ষণে পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটির ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে সোমবার (৬ জুলাই) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের শিমুলতলীসহ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যেতে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান না করার জন্য সতর্ক করা হয়েছে।
রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম সারোয়ার জানান, টানা বর্ষণ শুরু হলে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক করা হয়। মানুষের জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাস এড়ানোর আহ্বান জানানো হচ্ছে।
তিনি বলেন, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১১টিসহ জেলায় মোট ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পৌর এলাকার ২৯টি স্থানকে পাহাড়ধস প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, পাহাড়ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন পাহাড়ি এলাকা ও পাহাড়ের পাদদেশে প্রায় অর্ধলাখ মানুষ বসবাস করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে পৌর শহরের শিমুলতলী, রূপনগর, নতুনপাড়া, যুব উন্নয়ন এলাকা, রিজার্ভ বাজার, ভেদভেদি ও লোকনাথ মন্দির এলাকাসহ আরও কয়েকটি স্থান।
ভারী বর্ষণ অব্যাহত থাকলে পাহাড়ধসসহ সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।


