রাঙামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তারা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ইসলামবাদের নাজিম টিলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাবেতা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাত পাওয়া দুই বছরের শিশু রিফাত মারা যায়। আহত অন্য পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে আসা অটোরিকশাটি দ্রুতগতিতে চলছিল। নাজিম টিলা এলাকায় একটি বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও মাহিন্দ্রে থাকা যাত্রীরা অক্ষত ছিলেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দের চেষ্টা চলছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।