পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বান্দরবান-৩০০ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা সাচিং প্রু জেরী। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তাকে শপথ পড়ানো হয়।
সাচিং প্রু জেরী ছাড়াও এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শপথ গ্রহণের পর মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান। বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
সূত্রগুলো আরও জানিয়েছে, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হতে পারেন। রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর প্রায় দুই মাস মন্ত্রণালয়টির মন্ত্রীর পদটি শূন্য ছিল। সাচিংপ্রু জেরীর শপথের মধ্য দিয়ে সেই শূন্যতা পূরণ হলো।
সাচিং প্রু জেরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক। ২০২৫ সালের জুনে তাকে আহ্বায়ক করে বান্দরবান জেলা বিএনপির ৪৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সাচিং প্রু জেরী বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বান্দরবান আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯৬, ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বান্দরবান আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান-৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন সাচিং প্রু জেরী। এবার তাকেই পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো।


