পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, তিন জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক(৪) উপধারা এবং তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) ও ২(২) উপধারার ক্ষমতাবলে এই অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়।

পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিংকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন করে সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তালিকায় যারা রয়েছেন— রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা, সদস্য বিল্টু চাকমা, সুবিমল চাকমা, পাইচিং মং মারমা, জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তিমথী খিয়াং, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক, জেলা বিএনপির সদস্য নন্দিতা দাশ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রা চাকমা। এ ছাড়া সাজেক রিসোর্ট অ্যান্ড কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জেলা পরিষদের সদস্যর পদ পেয়েছেন। তাঁর দলীয় পরিচয় জানা যায়নি। দলীয় পরিচয় নিশ্চিত না হওয়া আরেক সদস্য হলেন প্রেমা তালুকদার।

এদিকে নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যরা হলেন— খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আ. মালেক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, জেলা বিএনপির সহ–আইনবিষয়ক সম্পাদক রিপল চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সহসভাপতি শান্তিপ্রিয় চাকমা, জেলা বিএনপির সহসভাপতি দেব রানী চাকমা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, জেলা বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, সদর উপজেলা কৃষক দলের সভাপতি ক্যরী মগ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা ও সভাপতি কুহেলী দেওয়ান।

আর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন— চনুমং, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই লো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মার্মা ও কাজী নিরুতাঞ্জ বেগম।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী স্ব-স্ব জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন। ২০২৪ সালের ৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপন দিয়ে গঠিত আগের পরিষদ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।