পাহাড়ি জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ সম্প্রসারণে তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, তারেক রহমান থানচি উপজেলার তিন্দু এলাকার বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পাঠানো নির্দেশনা অনুযায়ী শিগগিরই বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটের মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের আত্মত্যাগের বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে। শিক্ষক ও কর্মচারীদের বেতন পরিশোধে অর্থসংকট মোকাবিলায় তিনি ছুটির দিনে রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন।

পোস্টে আরও বলা হয়, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার টাকা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে ব্যয় করেন।

দুর্গম পাহাড়ি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে প্রধান শিক্ষকের এই ত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়।