খাগড়াছড়িতে অতিবৃষ্টিজনিত পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্ভোগ কমানো এবং দুর্যোগকালীন সেবা কার্যক্রম আরও কার্যকর করতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা অংশ নেন।

সভায় অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যার মতো দুর্যোগের সময় জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট সংকট, প্রতিবন্ধকতা, সরকারি সেবা ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দুর্যোগকবলিত মানুষের ভোগান্তি কমানো, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, আশ্রয়কেন্দ্রগুলোতে তৎপরতা বাড়ানো এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া দুর্যোগের সময় জনস্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাতে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন বক্তারা।

বক্তারা বলেন, দুর্যোগের সময় সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। এজন্য আগাম সতর্কতা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।