খাগড়াছড়ির মানিকছড়ি রাজবাজারে বিভিন্ন কসমেটিকস, খাদ্য ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া।
অভিযানে ভেজাল, অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ মিষ্টিজাত পণ্য বিক্রির দায়ে ‘মিষ্টি মেলা’র স্বত্বাধিকারী মানিক মজুমদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নকল ও অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে মো. ইউসুফ আলীকে আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যের মান, মেয়াদ ও অনুমোদনসংক্রান্ত বিষয় যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নকল ও অনুমোদনহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।


