ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা কৃষি অফিস। ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

রামগড় উপজেলা কৃষি অফিসের আঙিনা ও আশপাশের এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন মিয়া।

এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চলা এ অভিযানে অফিস প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসাধারণকে নিজেদের বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হবে।

অভিযানে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।