সবার জন্য উন্মুক্ত হয়েছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে ভোটের দিন দুই ঘণ্টার ব্যবধানে ভোট পড়ার তথ্য ও হার জানা যাবে। ‘হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ’-এ চারটি অপশন রয়েছে অ্যাপটিতে। মোবাইল নম্বর এবং এনআইডি দিয়ে নিবন্ধিত হয়েই শুধু অ্যাপটি ব্যবহারের সুযোগ রয়েছে।

‘নির্বাচন কার্যক্রম প্রক্রিয়াধীন’ থাকায় ব্যবহারকারীদের জন্য প্রাথমিকভাবে ‘তথ্য’ বিভাগটি সক্রিয় রয়েছে। ‘ফলাফল’ নির্বাচনের দিন এবং ‘ফলাফল বিশ্লেষণ’ ফিচারটি শিগ্গির আসছে বার্তা দেওয়া হয়েছে এতে। ইতোমধ্যে চালু হওয়া অ্যাপটিতে একাদশ সংসদ নির্বাচনের নানা তথ্য পাওয়া যাচ্ছে।

নির্বাচন শুরু হলেই অ্যাপ থেকে ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম, প্রার্থী, দল ও আসনভিত্তিক তথ্য যেমন পাওয়া যাবে, তেমনি আইনবিধি, ভোট পড়ার হার, ফলসহ নানা ধরনের তথ্যও জেনে নিতে পারবেন নাগরিকরা।

এতে একজন ভোটার সহজেই ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। আগের বছরগুলোর মতো কোথায় কোন কেন্দ্রে ভোট দিতে যাবেন তা নিয়ে যেমন জটিলতায় পড়তে হবে না, তেমনি ভোটকেন্দ্রে গিয়ে নম্বর খোঁজার বিড়ম্বনার মধ্যেও পড়বেন না বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

May be an image of screen and text
 ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে এ অ্যাপ বানিয়েছে ইসি

তিনি জানিয়েছেন, কমিশন অনুমোদিত ফিচার নিয়ে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি প্রকাশ করা হয়েছে। তফশিল ঘোষণার পর ধাপে ধাপে তথ্য হালনাগাদ করা হচ্ছে। যখনই যে কাজ শেষ হবে, তখনই তার তথ্য অ্যাপে যুক্ত হবে। সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে ভোট শুরুর পর সকাল ১০টা, দুপুর ১২টা ও ২টা ও বিকাল ৪টায় ৪২ হাজার কেন্দ্রে জমা পড়া ভোটের সংখ্যা অ্যাপে প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, আগামীতে অ্যাপটি দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধীসহ সব নাগরিকই যেন ব্যবহার করতে পারেন সে উদ্যোগ নেওয়া হবে।

অ্যাপটির সাহায্যে প্রতি দুই ঘণ্টা অন্তর চলমান ভোটিং কার্যক্রমের তথ্য ও কত ভোট পড়ল, সে তথ্যও মানুষ জানতে পারবে।

অ্যাপটি ব্যবহার করে দেখা গেছে, নিবন্ধিত হওয়া মাত্রই হোম পেজে ব্যবহারকারীর ভোটার নম্বর দেখাচ্ছে। অবশ্য এখানে ভোটকেন্দ্রের নাম, ঠিকানা, গুগল ম্যাপে কেন্দ্রের অবস্থান দেখানোর কথা; বর্তমানে লেখা আসছে ‘নির্বাচনি কার্যক্রম প্রক্রিয়াধীন’। তথ্যসূত্র অনুযায়ী, ভোটের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট চূড়ান্ত হবে।

একনজরে বাটনে মোট ভোটার, নারী পুরুষ, দল, প্রার্থী সংখ্যার তথ্য রয়েছ। নিবন্ধিত দল বাটনে কোনোক্রম ছাড়াই র‌্যান্ডম ৪৪টি নিবন্ধিত দল ও তাদের প্রতীকের ছবি রয়েছে। তবে এখান থেকে দলগুলোর কোনো তথ্য জানার সুযোগ নেই।

যেভাবে যুক্ত হবেন এ অ্যাপে-

অ্যান্ড্রয়েড বা আইফোনের অ্যাপস্টোর থেকে Smart Election Management ইউ ইন্সটল করতে হবে।

অ্যাপটি চালু করলেই নির্বাচন কমিশনের লোগো সংবলিত পেজ আসবে।

এরপর ভাষা (ইংরেজি ও বাংলা) নির্বাচন করতে হবে।

ভাষা নির্বাচনের পর মোবাইল নম্বর ও পছন্দমতো পাসওয়ার্ড দিয়ে ‘অ্যাকাউন্ট তৈরি’ করতে হবে।

হোম স্ক্রিন থেকে জন্ম তারিখ ও এনআইডি নম্বর দিয়ে ‘যাচাই করুন’ এ ক্লিক করলে ভোট সংক্রান্ত তথ্য আসবে।

 

-পার্বত্য সময়