কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১২ টন ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবোঝাই একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা ১০ জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত একটার দিকে ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে গভীর সাগরে অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গভীর রাতে সেন্ট মার্টিন উপকূল দিয়ে মিয়ানমারের দিকে যাওয়ার সময় ইউরিয়া সারবোঝাই ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে ট্রলারটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে সেটি জব্দ করেন।

কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রলারে তল্লাশি চালিয়ে ২৪০ বস্তা ইউরিয়া সার, ১৯০ বস্তা রসুন ও ৯০ বস্তা পেঁয়াজ পাওয়া যায়। এসবের মধ্যে ইউরিয়া সারের পরিমাণ ১২ হাজার কেজি বা ১২ টন, রসুন ৩ হাজার ৮০০ কেজি এবং পেঁয়াজ ৪ হাজার ৫০০ কেজি। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন মো. আলী জহির (৫২), সাইফুল আলম (২৪), আবদুল গফুর (৫২), মো. ইলিয়াস (২১), ওসমান গনি (২৬), মনির হোসেন (২৫), সাহাবুদ্দীন (৪৫), জাকির হোসেন (৩২), মো. হৃদয় (১৮) ও মো. ফারুক (৩৭)। কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। অন্য নয়জন চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশালের বাসিন্দা।

কোস্টগার্ডের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউরিয়া সার, রসুন, পেঁয়াজসহ এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জব্দ করা পণ্য, ট্রলার ও আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।