যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্ক কার্যকর রাখতে হলে তা ‘পারস্পরিক স্বার্থের’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরামে দেওয়া বক্তব্যে ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ–ভারত সম্পর্ক ছাড়াও পাকিস্তানসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে কথা বলেন তিনি।
ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার দাবির বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি জয়শঙ্কর। তবে তিনি বলেন, ‘যেকোনো সম্পর্ক কার্যকর হতে হলে তাকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সম্পর্কটি আমাদের জন্যও কল্যাণকর হতে হবে।’
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এমন প্রত্যাশা করে না যে প্রতিবেশীরা শুধু ভারতের স্বার্থ রক্ষায় কাজ করবে। একইভাবে প্রতিবেশীদের স্বার্থ বোঝা ও সম্মান করার ক্ষেত্রেও ভারতের যুক্তিযুক্ত ভারসাম্য থাকা প্রয়োজন।
জয়শঙ্কর বলেন, যখন কোনো সমঝোতার জায়গা বা ঐকমত্যের ভিত্তি তৈরি হয়, তখনই দ্বিপক্ষীয় সম্পর্ক ভালোভাবে এগিয়ে যায়। তার ভাষায়, যেকোনো গভীর দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক স্বার্থ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই জয়শঙ্করের এই মন্তব্য সামনে এলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সফরের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে বলেও জানা গেছে।


