রোহিঙ্গাদের মিয়ানমারের ‘আদি জনগোষ্ঠী’ হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু করেছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আইসিজে।
রায় ঘোষণার প্রাথমিক পর্যায়ে আদালতের পক্ষ থেকে এসব পর্যবেক্ষণ উঠে এসেছে। তবে মামলার পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ করা হয়নি। বিচারিক কার্যক্রম শেষে আদালত বিস্তারিত রায় প্রকাশ করবে।
২০১৯ সালের নভেম্বরে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে গাম্বিয়া। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। ওই অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৫ লাখের বেশি রোহিঙ্গা এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের এই বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘদিনের নির্যাতন ও নিপীড়নের ন্যায়বিচার নিশ্চিত হবে এবং নিরাপদে নিজ দেশে ফেরার পথ তৈরি হবে।
উল্লেখ্য, এটি রায় ঘোষণার সময় পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদন। আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে বিস্তারিত তথ্য ও পর্যবেক্ষণ জানা যাবে।
২০১৭ সালের সামরিক অভিযান থেকে আন্তর্জাতিক আদালত: রোহিঙ্গা সংকটের উল্লেখযোগ্য ঘটনাপঞ্জি
২৫ আগস্ট ২০১৭: রাখাইন রাজ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ৩০টি পুলিশ পোস্ট ও একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
২৬ আগস্ট ২০১৭: মিয়ানমারের সেনাবাহিনী ও আরসার মধ্যে সংঘর্ষ বাড়তে থাকায় হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করেন।
২ সেপ্টেম্বর ২০১৭: মিয়ানমার সরকারের তথ্য অনুযায়ী, ২৫ আগস্টের হামলার পরবর্তী এক সপ্তাহে রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬০০টির বেশি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।
১১ সেপ্টেম্বর ২০১৭: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিয়ানমারের সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ হিসেবে উল্লেখ করেন।
১৯ সেপ্টেম্বর ২০১৭: মিয়ানমারের তৎকালীন নেত্রী অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। তবে জাতিসংঘের জাতিগত নিধনের অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
১২ ডিসেম্বর ২০১৭: আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) এক জরিপে জানায়, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০ শিশু ছিল।
১০ জানুয়ারি ২০১৮: মিয়ানমারের সেনাবাহিনী ইন দিন গ্রামে আটক ১০ রোহিঙ্গাকে হত্যার ঘটনায় নিজেদের সেনাসদস্যদের জড়িত থাকার কথা স্বীকার করে। সাত সেনাসদস্যকে কারাদণ্ড দেওয়া হলেও ২০১৯ সালের মে মাসে তাঁদের আগাম মুক্তি দেওয়া হয়।
১১ নভেম্বর ২০১৯: রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া।
১১ ডিসেম্বর ২০১৯: দ্য হেগে আইসিজের শুনানিতে অংশ নিয়ে অং সান সু চি গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং অভিযোগগুলোকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন।
২৩ জানুয়ারি ২০২০: মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত।
১ ফেব্রুয়ারি ২০২১: মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এবং অং সান সু চিসহ নির্বাচিত সরকারের শীর্ষ নেতাদের আটক করে। এর পর দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে।
২২ জুলাই ২০২২: মিয়ানমারের উত্থাপিত প্রাথমিক আপত্তি খারিজ করে আইসিজে জানায়, গণহত্যা সনদের আওতায় মামলাটি পরিচালনার এখতিয়ার আদালতের রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য।
১২ জানুয়ারি ২০২৬: মামলার মূল বিচারিক শুনানি শুরু হয়। এদিন গাম্বিয়া আদালতে জানায়, মিয়ানমার পরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীকে ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল এবং তাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল।
১৬ জানুয়ারি ২০২৬: মিয়ানমার আইসিজেকে জানায়, রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণ করতে পারেনি গাম্বিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও অভিযোগগুলোকে ‘তথ্য ও আইনের দিক থেকে ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন’ বলে অভিহিত করে।
৩ নভেম্বর ২০২৬: আগামী ১৯ নভেম্বর মামলার রায় ঘোষণা করা হবে বলে জানায় আন্তর্জাতিক বিচার আদালত।
১৯ নভেম্বর ২০২৬: বাংলাদেশ সময় বিকেল ৩টায় দ্য হেগের পিস প্যালেসে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া মামলার রায় ঘোষণা শুরু করেন।


