স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সোমবার (৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক ও পুলিশ সদস্যদের পরিচালনাগত সহযোগিতা, আর্থিক প্রতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) এজেন্ডা বাস্তবায়ন এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যদের প্রতিপূরণ প্রক্রিয়া সহজতর করতে ডিওএসের সহযোগিতার জন্য অতুল খারেকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য ডিওএসের পরিবেশ বিভাগকেও ধন্যবাদ জানান তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের কার্বন নিঃসরণ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে এবং ভবিষ্যতে জাতিসংঘের সহযোগিতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারণে আগ্রহী।
তিনি ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও উপযোগী কর্মপরিবেশ নিশ্চিত করতে পরিবেশবান্ধব ও নারী-বান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে শান্তিরক্ষীদের সক্ষমতা বাড়াতে উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সালাহউদ্দিন আহমদ জানান, হাইতির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ তিনটি আধুনিক ও বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এসব ইউনিট সোয়াত, র্যাপিড রেসপন্স, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ফরেনসিক, সাইবার অপরাধ তদন্ত, নৌ-অভিযান এবং মাদকবিরোধী কার্যক্রম পরিচালনায় দক্ষ বলে তিনি উল্লেখ করেন। এ সক্ষমতার কার্যকর ব্যবহারের লক্ষ্যে জাতিসংঘের কাছে কয়েকটি প্রস্তাবও তুলে ধরেন তিনি।
মন্ত্রী জানান, এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনায় অংশ নিতে আগামী ১৫ থেকে ১৭ জুলাই বাংলাদেশ পুলিশের তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘ সদর দপ্তর সফর করবে। তিনি এ প্রক্রিয়ায় জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জবাবে আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করে হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।


