কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই গ্রিড সংযোগের মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে।

প্রাথমিক পরীক্ষা শেষে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানো হবে।

এ বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার অংশ হিসেবেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া মানেই বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। এটি মূলত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড সেই বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ।

বিএইআরএ চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিয়্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর তা সফলভাবে পরিচালিত হয়েছে। ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথম ইউনিট ‘স্টেজ-সি’ কার্যক্রমের জন্য চূড়ান্ত অনুমোদন পায়।

এ পর্যায়ে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে স্টিম জেনারেটরে উচ্চচাপের বাষ্প তৈরি করা হয়। সেই বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠানো হলে টারবাইন ঘোরে এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থায় সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রতিটি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে পর্যায়ক্রমে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। তবে শতভাগ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে পারমাণবিক শক্তিকে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করল বাংলাদেশ।