আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে কী বলা হবে, তা নিয়ে গভীর প্রত্যাশা ও আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন কক্সবাজারের রোহিঙ্গারা। তাদের বড় একটি অংশ চায়, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে আদালত যেন গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়। তবে তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা- নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নিজ মাতৃভূমি আরাকানে ফিরে যাওয়া।

রোহিঙ্গা রিফিউজি ফোরাম (আরআরএফ) কক্সবাজারের আটটি শিবিরে ৩২ জন রোহিঙ্গার সাক্ষাৎকার নিয়ে তাদের প্রত্যাশা, উদ্বেগ ও অনুভূতির কথা তুলে ধরেছে। সাক্ষাৎকারে অংশ নেওয়াদের মধ্যে ছিলেন নারী, তরুণ, প্রবীণ, ইমাম, মাঝি, শিক্ষক এবং ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গারা।

৩২ জনের মধ্যে ৬ জন নারী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৫ জন তরুণ, ৩৬ বছর বা তার বেশি বয়সী ৪ জন প্রবীণ পুরুষ, ১১ জন কমিউনিটি নেতা (ইমাম, মাঝি ও শিক্ষক) এবং সাম্প্রতিক সময়ে আসা ৬ জন রোহিঙ্গা ছিলেন।

আইসিজের মামলা সম্পর্কে কতটা জানেন রোহিঙ্গারা?
সাক্ষাৎকারে অংশ নেওয়া অধিকাংশ রোহিঙ্গাই আইসিজের মামলা সম্পর্কে জানেন। ৩২ জনের মধ্যে ২৫ জন বলেছেন, তারা মামলাটি সম্পর্কে জানেন। চারজন কিছুটা শুনেছেন এবং তিনজন সাক্ষাৎকারের আগে এ বিষয়ে কিছুই জানতেন না।

মামলা সম্পর্কে জানার প্রধান মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যম। বিশেষ করে ফেসবুক, ইউটিউব এবং মোবাইল ফোনে শেয়ার করা ভিডিওর মাধ্যমে তারা খবর পেয়েছেন। এছাড়া প্রতিবেশী, পরিবারের সদস্য, কমিউনিটি সভা, শিক্ষক, মসজিদ ও রেডিও থেকেও অনেকে বিষয়টি জেনেছেন।

The Rohingya Genocide Case at the ICJ: International Justice at a Crossroad  – The Diplomat
আন্তর্জাতিক বিচার আদালত

কয়েকজন জানিয়েছেন, জানুয়ারি মাসে আদালতের শুনানি নিয়ে শিবিরের বিভিন্ন ব্লকে ব্যাপক আলোচনা হয়েছে।

যারা মামলার বিষয়ে জানতেন না, তাদের মধ্যে ছিলেন একজন তরুণ, একজন ইমাম এবং ২০২৪ সালে বাংলাদেশে আসা একজন নারী। সাক্ষাৎকারে ওই ইমাম বলেন, ‘আজই আপনাদের কাছ থেকে বিষয়টি জানতে পারলাম।’

গণহত্যার স্বীকৃতিই সবচেয়ে বড় প্রত্যাশা
আইসিজে’র কাছে তাদের সবচেয়ে বড় প্রত্যাশা কী- এমন প্রশ্নে ৩২ জনের মধ্যে ১৫ জনই বলেছেন, তারা চান আদালত রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিক।

অন্যদিকে, সাতজনের প্রধান প্রত্যাশা নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত করা। ছয়জন চান নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। দুইজন মিয়ানমারের শাস্তি, একজন ক্ষতিপূরণ এবং আরেকজন নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছেন।

অনেকের কাছে গণহত্যার স্বীকৃতি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে মিয়ানমারের দীর্ঘদিনের অস্বীকারের অবসান ঘটবে বলে তারা মনে করেন।

ক্যাম্প-১৮-এর এক নারী বলেন, ‘এটি কোনো সাধারণ সহিংসতা ছিল না, এটি ছিল গণহত্যা।’

সম্প্রতি বাংলাদেশে আসা ২৩ বছর বয়সী এক তরুণ বলেন, ‘আমাদের সঙ্গে আসলে কী ঘটেছে, তা যেন পুরো বিশ্ব জানতে পারে।’

অন্যদিকে, ক্যাম্প-৭-এর ২৪ বছর বয়সী এক নারী বলেন, ‘নাগরিকত্ব পাওয়া আমাদের কোনো চাওয়া নয়, এটি আমাদের অধিকার।’

সাক্ষাৎকারে নতুন একটি উদ্বেগের বিষয়ও উঠে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশে আসা এক নারী আদালতের কাছে আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনের বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে রোহিঙ্গাদের বিরুদ্ধে দ্বিতীয় দফার আক্রমণ হিসেবে উল্লেখ করেন।

অন্য কয়েকজনও বাংলাদেশে পালিয়ে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মির নাম উল্লেখ করেছেন।

পরিবারের জন্য নিরাপদ মাতৃভূমিতে ফেরার স্বপ্ন
পরিবারের ভবিষ্যৎ নিয়ে কী পরিবর্তন চান- এমন প্রশ্নে প্রায় সবাই একই প্রত্যাশা জানিয়েছেন। তারা নিজ নিজ গ্রামে, আরাকানে ফিরে যেতে চান।

তবে শুধু ফিরে যাওয়াই তাদের লক্ষ্য নয়। তারা চান নাগরিকত্ব, নিরাপত্তা, সমান অধিকার এবং মর্যাদার সঙ্গে বসবাসের নিশ্চয়তা। অন্য কোনো আশ্রয়শিবিরে স্থানান্তর নয়, বরং নিজেদের বসতভিটায় ফিরে যাওয়াই তাদের প্রধান আকাঙ্ক্ষা।

সাক্ষাৎকারে বারবার উঠে এসেছে শিশুদের ভবিষ্যতের কথা। অভিভাবকেরা চান, তাদের সন্তানরা যেন স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে, চিকিৎসাসেবা পায় এবং ভয়হীন পরিবেশে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

ক্যাম্প-১২-এর এক শিক্ষক বলেন, তিনি নিজ গ্রামের মানুষ, আত্মীয়স্বজন ও শৈশবের বন্ধুদের সঙ্গে আবার মিলিত হতে চান। পাশাপাশি তার সন্তান যেন ‘ভয় ছাড়া স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে’, সেটিও তার প্রত্যাশা।

সম্প্রতি বাংলাদেশে আসা এক তরুণ জানিয়েছেন, দেশে ফিরতে পারলে প্রথমেই নিজের পড়াশোনা চালিয়ে যেতে চান এবং অন্যদের শিক্ষিত করতে ভূমিকা রাখতে চান।

অনেকে চলাফেরার স্বাধীনতা, ব্যবসা করার সুযোগ এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বন্ধের প্রত্যাশাও জানিয়েছেন।

ক্যাম্প-৩-এর এক ইমাম নিজের গ্রামে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন, ‘আমি এমন জায়গায় ফিরতে চাই, যেখানে স্বাধীনভাবে পাহাড়ে যেতে পারব।’

তবে সবাই আইসিজের রায়ের মাধ্যমে দ্রুত পরিবর্তন আসবে বলে মনে করেন না।

ক্যাম্প-১২-এর এক মাঝি মনে করেন, আইসিজে কাউকে গ্রেপ্তার করতে পারে না। তাই তার প্রত্যাশা, আদালতের রায়ের মাধ্যমে বিশ্ব রোহিঙ্গাদের গণহত্যার শিকার হিসেবে স্বীকৃতি দেবে এবং কিছু দেশ মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কমাতে পারে।

ক্যাম্প-৭-এর নতুন আসা এক রোহিঙ্গা নারী বলেন, ‘আমি জানি না, তবে আশা করি ভালো কিছু হবে।’

রায় হতাশাজনক হলে কী হবে?
আইসিজের রায় প্রত্যাশা অনুযায়ী না হলে কী অনুভূতি হবে- এমন প্রশ্নে অধিকাংশই দুঃখ, ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন।

অনেকেই প্রায় নয় বছর ধরে আশ্রয়শিবিরে বসবাস করছেন। তাদের আশঙ্কা, আদালতের নেতিবাচক সিদ্ধান্ত তাদের নিজ দেশে ফেরার স্বপ্নকে আরও অনিশ্চিত করে তুলবে।

ক্যাম্প-৭-এর এক তরুণী বলেন, ‘এটি আমার কাছে দুঃস্বপ্নের মতো হবে।’

কেউ কেউ আশঙ্কা করছেন, তাদের হয়তো আজীবন আশ্রয়প্রার্থী হিসেবেই থাকতে হবে। সম্প্রতি বাংলাদেশে আসা এক নারী বলেন, ‘হয়তো আমাদের স্থায়ী আশ্রয়প্রার্থী হয়ে থাকতে হবে।’

ক্যাম্প-১২-এর এক ইমামের ধারণা, হতাশাজনক রায় এলে অনেকে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করবেন। আর ক্যাম্প-১৮-এর এক প্রবীণ ব্যক্তি সবচেয়ে বেশি উদ্বিগ্ন পরবর্তী প্রজন্মের রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ নিয়ে।

তবে হতাশা সত্ত্বেও অনেকেই শান্তিপূর্ণভাবে ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার কথা জানিয়েছেন। তারা বলেছেন, আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে অন্য আদালত কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার চেষ্টা করবেন।

ক্যাম্প-১৮-এর এক ইমাম বলেন, ‘আমরা রাগ দিয়ে নয়, ধৈর্যের সঙ্গে ন্যায়বিচার চাই।’

সম্প্রতি বাংলাদেশে আসা এক তরুণও জানিয়েছেন, তিনি কখনো আশা হারাবেন না। শান্তিপূর্ণভাবে নিজের দাবি তুলে ধরবেন।

তবে অল্পসংখ্যক তরুণ এবং একজন কমিউনিটি নেতা সতর্ক করেছেন, ন্যায়বিচার না পেলে কিছু রোহিঙ্গা সশস্ত্র সংগ্রামের পথে যেতে পারে। এটি সংখ্যালঘু অংশের মতামত হলেও দীর্ঘদিনের অপেক্ষা, হতাশা ও ক্ষোভের গভীরতা তুলে ধরে।

বিচারকদের ও বিশ্বের প্রতি রোহিঙ্গাদের বার্তা
বিচারক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের সবচেয়ে সাধারণ বার্তা- তারাও মানুষ, তাদেরও অধিকার আছে এবং তারা নিজেদের মাতৃভূমিতে ফিরে যেতে চান।

সাক্ষাৎকারে অংশ নেওয়া কয়েকজনের বক্তব্য:

ক্যাম্প-৭-এর ২১ বছর বয়সী এক তরুণ:
‘আমরা মানুষ, আমাদের অধিকার আছে। মানুষের মতো বেঁচে থাকার অধিকার আমাদেরও রয়েছে এবং আমাদের নিজেদের দেশ পাওয়ার অধিকার আছে।’

ক্যাম্প-১৮-এর এক নারী:
‘আমাদের একটি ইতিহাস রয়েছে, কিন্তু মিয়ানমার সেই ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে।’

ক্যাম্প-১৮-এর ২৩ বছর বয়সী একজন:
‘আমরা চিরকাল আশ্রয়প্রার্থী হয়ে থাকতে চাই না। আমাদের স্বপ্ন পূরণের জন্যও ভবিষ্যৎ প্রয়োজন।’

ক্যাম্প-৩-এর ৩৭ বছর বয়সী এক ইমাম:
‘দয়া করে আমাদের সন্তানদের নিজেদের মাতৃভূমিতে সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ দিন।’

ক্যাম্প-১৮-এর নতুন আসা এক নারী:
‘দয়া করে যারা সম্প্রতি শিবিরে এসেছে, তাদের কথা ভাবুন। আমরা এখনো ভীত।’

ক্যাম্প-১৮-এর ৫১ বছর বয়সী এক ইমাম:
‘রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার মানে অধিকারবঞ্চিত সব মানুষের জন্য ন্যায়বিচার।’

এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের আহ্বান, যেন বিশ্ব তাদের ভুলে না যায় এবং আইসিজের মামলার প্রতি নজর অব্যাহত রাখে। তারা আরও বলেছেন, নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত না করে কোনোভাবেই প্রত্যাবাসন করা উচিত নয়।

ক্যাম্প-১২-এর এক নারী আশ্রয়শিবিরে খাদ্যসহায়তা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তার ভাষ্য, পরিবারগুলো ন্যূনতম চাহিদা পূরণ করতেও হিমশিম খাচ্ছে।

অন্যদিকে, ক্যাম্প-৭-এর সম্প্রতি আসা এক রোহিঙ্গার বক্তব্য ছিল মাত্র চারটি শব্দ- ‘আমার কোনো আশা নেই।’