শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
ওয়াদুদ ভূইয়া বলেন, ‘শিশুরাই দেশের ভবিষ্যৎ।’ শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। তাদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শিশুদের অধিকার রক্ষার পাশাপাশি তাদের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এর মাধ্যমে তাদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


