আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পরে তাঁকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

বর্তমানে আইরিন খান জাতিসংঘের মানবাধিকার পরিষদের মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্তচিন্তাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার, শরণার্থী অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে আইরিন খানের।